বুধবার, মে ১৩, ২০২৬

আর্থ আওয়ার সামনে রেখে রাজশাহীতে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা

উত্তর জনপদ ২৮ মার্চ ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন শিক্ষা
উত্তর জনপদ ২৮ মার্চ ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন
আর্থ আওয়ার সামনে রেখে রাজশাহীতে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

পৃথিবী রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধ এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের আয়োজনে রাজশাহী কলেজ রোভার ডেনে ইউনিট লিডার ও রোভারদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি র‍্যালি রাজশাহী কলেজ থেকে বের হয়ে মনি চত্বর হয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পৌঁছায়। সেখানে রোভারদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে র‍্যালিটি আবার রাজশাহী কলেজে ফিরে আসে। পুরো কর্মসূচিতে বৈশ্বিক উষ্ণতা রোধ, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্ববাসীর জন্য এক বড় হুমকি। বৈশ্বিক উষ্ণতার প্রভাব কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা জরুরি। তারা বলেন, আর্থ আওয়ার কেবল এক ঘণ্টার জন্য প্রতীকীভাবে বিদ্যুৎ বা যন্ত্রপাতির ব্যবহার সীমিত রাখার কর্মসূচি নয়; এটি পৃথিবীকে রক্ষায় সম্মিলিত দায়বদ্ধতার একটি বৈশ্বিক বার্তা।

এদিন বিশ্বব্যাপী রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত আর্থ আওয়ার ২০২৬ উদযাপনের বিষয়টি তুলে ধরা হয়। এ সময় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকারী যন্ত্রপাতি বন্ধ রাখা বা সীমিত ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Give an Hour to Earth’।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভারের সহ-সভাপতি ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, রাজশাহী বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ড. মো. জহিরুল ইসলাম, রাজশাহী জেলা রোভারের সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান, জেলা রোভারের আরএসএল প্রতিনিধি আব্দুর রাজ্জাক, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার শিশির এবং রোভার সাব্বির।

আয়োজকরা জানান, এ কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ জন রোভার ও গার্ল-ইন-রোভার স্কাউট অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।