বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পহেলা বৈশাখে রাজশাহী প্রেসক্লাবে মিলনমেলা

উত্তর জনপদ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন উত্তর জনপদের খবর
উত্তর জনপদ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন
পহেলা বৈশাখে রাজশাহী প্রেসক্লাবে মিলনমেলা

“মুক্তির দিগন্ত হোক চির অবারিত; শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও মেহনতী মানুষের বিজয় সুনিশ্চিত” এই স্লোগানকে ধারণ করে রাজশাহীতে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য মিলনমেলা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক সাধারণ সম্পাদক ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, রিপোর্টার্স ইউনিটি রাজশাহীর সভাপতি আব্দুল মুগনী নিরো, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, কোষাধ্যক্ষ আল আমিন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রাজীব আলী রাতুল।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্ত, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক শফিকুল, ইমনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রধান সাংস্কৃতিক উৎসব, যা যুগ যুগ ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপিত হয়ে আসছে। এই উৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। তাই এই ঐতিহ্য রক্ষা ও লালন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।




বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজে সচেতনতা গড়ে তোলা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। নববর্ষের এ আয়োজনে আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।