শনিবার, মে ১৬, ২০২৬

রাজশাহীর ফেরিঘাটে নৌকায় অতিরিক্ত ভাড়া আদায়, সতর্ক করল রাসিক

উত্তর জনপদ ডেস্ক : ২৯ মার্চ ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন উত্তর জনপদের খবর
উত্তর জনপদ ডেস্ক : ২৯ মার্চ ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন
রাজশাহীর ফেরিঘাটে নৌকায় অতিরিক্ত ভাড়া আদায়, সতর্ক করল রাসিক

রাজশাহীর পদ্মায় নৌকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘ দিনের। এবার এ বিষয়ে নজর দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তাঁর নির্দেশে রোববার সরেজমিনে পরিদর্শন করেছে রাসিকের প্রতিনিধি দল। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তারা।


দুপুরে রাসিকের সচিব সোহেল রানা নগরের আমীরপুর ফেরিঘাট ও বিষপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ফেরিঘাটের আওতাধীন বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ইজারাদার, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইজারাদারদের সতর্ক করা হয়। একই সঙ্গে ফেরিঘাট এলাকায় টোল চার্ট না থাকায় দ্রুত দৃশ্যমান স্থানে টোল তালিকা টানানোর নির্দেশ দেন তিনি।


পরিদর্শন শেষে রাসিক সচিব সোহেল রানা জানান, প্রশাসকের নির্দেশে রাসিকের ইজারাভুক্ত দুটি ফেরিঘাট পরিদর্শন করা হয়েছে। ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হলেও সরেজমিনে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। চর মাঝারদিয়া ও খানপুরসহ নদীর ওপারের চরের বাসিন্দারা নির্ধারিত টোল পরিশোধ করেই পারাপার করছেন বলে জানা গেছে। তবে টোল যাতে বেশি না নেওয়া হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।


তিনি আরও জানান, পদ্মা নদীতে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকা ভ্রমণকারীদের নিয়ে চলাচল করে, যা সিটি করপোরেশনের ইজারাভুক্ত নয়। আসন্ন ঈদকে কেন্দ্র করে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাট এলাকায় এসব নৌকার মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে বিষয়টি খতিয়ে দেখতে পরিদর্শন করা হয়েছে এবং সংশ্লিষ্ট নৌকা মালিকদের সতর্ক করা হয়েছে।


ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ব্যক্তি মালিকানাধীন নৌযানগুলোকে শৃঙ্খলার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও উল্লেখ করেন।


পরিদর্শনকালে রাসিকের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।