বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রাজশাহীতে রাসিক কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ২৫ মার্চ ২০২৬ ০৭:৪০ অপরাহ্ন উত্তর জনপদের খবর
নিজস্ব প্রতিবেদক ২৫ মার্চ ২০২৬ ০৭:৪০ অপরাহ্ন
রাজশাহীতে রাসিক কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এর আগে নগর ভবনে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ভোটের পরপরই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী প্রদান এবং খাল খননের কাজ শুরু হয়েছে। আগামী অর্থবছর থেকে বৃহৎ পরিসরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জিমদের ভাতা কার্যক্রম চালু করা হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ ধরে রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হলেও তা আরও আধুনিক করতে হবে। দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশগুলো বর্জ্যকে গ্যাস ও জৈব সারে রূপান্তর করছে—এ ধরনের উদ্যোগ গ্রহণে রাসিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি চলমান প্রকল্পের পাশাপাশি নতুন জরুরি প্রকল্প গ্রহণের নির্দেশনাও দেন।

শিক্ষা ও যুব উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে প্রাথমিক স্তর থেকেই পাঠ্যক্রমে খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুল ছুটির পর মাঠগুলো সন্ধ্যা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা রয়েছে। এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং আমরা সেবক হিসেবে কাজ করতে চাই। নতুন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এছাড়া বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন।

রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সাবেক কাউন্সিলর এবং রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তারা সভায় অংশ নেন।