সোমবার, জুন ০১, ২০২৬

জ্বালানি তেলের সংকট: রাজশাহীর ৪৪ পাম্পের ‘বেশিরভাগই’ বন্ধ

উত্তর জনপদ ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ০২:৩০ অপরাহ্ন উত্তর জনপদের খবর
উত্তর জনপদ ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ০২:৩০ অপরাহ্ন
জ্বালানি তেলের সংকট: রাজশাহীর ৪৪ পাম্পের ‘বেশিরভাগই’ বন্ধ

রাজশাহীতে জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে ডিজেল ও পেট্রোলের সরবরাহ কমে যাওয়ায় যানবাহন চালক ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে।

রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল বলছেন, “ঈদের আগেই অধিকাংশ পাম্পের মজুদ শেষ হয়ে গেছে। ফলে ঈদের তৃতীয় দিন পর্যন্ত পেট্রোল ও অকটেনের সরবরাহ নেই বললেই চলে।”

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিপো থেকে চাহিদার তুলনায় মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ পেট্রোল সরবরাহ করা যাচ্ছে। আর অকটেন প্রায় বন্ধ। ডিজেলের সরবরাহ চাহিদার ৬০-৭০ শতাংশ মাত্র। পর্যাপ্ত তেল না থাকায় অনেক স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা।

রাজশাহীর মোট ৪৪টি ফিলিং স্টেশনের মধ্যে ‘অর্ধেকের বেশি’ ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। চালু থাকা স্টেশনগুলোর তেলের মজুদও প্রায় শেষের দিকে। ফলে গ্রাহকরা তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভিড় ও ক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করছে। নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি কিছু পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুক্তভোগী বখতিয়ার শাহরিয়ার বলেন, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা ও নগরের প্রায় ২০টি পাম্প ঘুরেও তিনি তেল পাননি। মঙ্গলবারও কয়েকটি স্টেশনে গিয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

তার অভিযোগ, “কিছু পাম্পে তেল থাকলেও তা বিক্রি না করে মজুদ করে রাখা হচ্ছে।”

জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল বলেন, “বাঘাবাড়ি ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না। একটি লরির ধারণক্ষমতা সাড়ে ১৩ হাজার লিটার হলেও সেখানে মাত্র তিন হাজার লিটার সরবরাহ দেওয়া হচ্ছে।

“বর্তমানে ডিপো থেকে কেবল ডিজেল দেওয়া হচ্ছে, পেট্রোল ও অকটেন মিলছে না।”

তিনি বলেন, “তেল সরবরাহ শুরু হলে গ্রাহকদের ভিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে।”