রাজশাহীতে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই
রাজশাহীর পবা উপজেলায় পুলিশের থেকে হ্যান্ডকাপসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা।
রবিবার (২২ মার্চ) বিকেলে পবা উপজেলার পিল্লাপাড়া মোড়ের সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, মারামারির একটি মামলার ১ নম্বর আসামি পিল্লাপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে মো. রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার মা আয়েশা বেগমের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন ঘটনাস্থলে জড়ো হয়ে মব সৃষ্টি করে।
এসময় তারা আসামীকে গ্রেপ্তার করা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে এসআই প্রতাপ, এএসআই আলামিন, এএসআই জাহিদ, এএসআই হারুন ও এএসআই রাকিবসহ পুলিশের কয়েকজন সদস্য লাঞ্চিত হন। হামলার এক পর্যায়ে জনতা পুলিশের কাছ থেকে আসামি রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশের ৮ জন সদস্য উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় রাসেলের হাতে পরানো হ্যান্ডকাপসহ সে পালিয়ে যায়।
প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় কয়েকজন ব্যক্তির মাধ্যমে হ্যান্ডকাপটি ফেরত পাওয়া গেলেও আসামি রাসেল এখনো পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ একই এলাকার আবু তাহেরের ছেলে আফসার আলীকে (৩৭) পিল্লাপাড়া মোড়স্থ উক্ত পেট্রোল পাম্পের সামনে পূর্বশত্রুতার জের ধরে মারধর করে গুরুতর আহত করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আফসার আলী বাদী হয়ে ১৬ মার্চ পবা থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।