বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ঈদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের জন্য বিশেষ খাবার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ ২০২৬ ০২:০৩ অপরাহ্ন উত্তর জনপদের খবর
নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ ২০২৬ ০২:০৩ অপরাহ্ন
ঈদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের জন্য বিশেষ খাবার ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের সরকারি হাসপাতালগুলোর মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এও রোগী ও তাদের স্বজনদের জন্য উন্নত মানের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৪০ শয্যার আইসিইউ কমপ্লেক্সে ভর্তি রোগীদের পাশাপাশি বাইরে অপেক্ষমাণ স্বজনদের জন্যও ঈদের খাবার বিতরণ করা হয়েছে। গত বছরের মতো এবারও সেমাই, পোলাও ও মাংসসহ বিভিন্ন খাবার সরবরাহ করা হয়।
পরিচালক জানান, এই উদ্যোগে সরকারি বাজেটের কোনো অতিরিক্ত ব্যয় হয়নি; শুধুমাত্র ব্যবস্থাপনা ও পরিবেশনায় পরিবর্তন এনে এটি বাস্তবায়ন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীর স্বজনরা আইসিইউর বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন এবং অনেক সময় খাবারের অভাবে কষ্টে থাকেন—তাদের কথা বিবেচনা করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ-এর সঙ্গে আলোচনা করে ৪০টি খাবার পরিবেশনের ট্রে সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।
এছাড়াও, আইসিইউতে ভর্তি রোগীদের জন্য ভেজিটেবল, চিকেন ও ডিমের স্যুপের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মীদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচালক।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রবাসী এক দাতার অনুদানে আইসিইউ স্বজনদের অপেক্ষা কক্ষে একটি আধুনিক অটোমেটিক ওয়াটার ফিল্টার সংযোজন করা হয়েছে, ফলে বিশুদ্ধ পানি পেতে আর দূরে যেতে হচ্ছে না।
হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক, নার্স, কর্মচারী ও সকল দাতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।