বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বগুড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন সারাদেশ
অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
বগুড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর এ দৃশ্য দেখা যায়। তবে কারা, কখন এই পতাকা উত্তোলন করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ৮ টার মধ্যেই পতাকাটি সরিয়ে ফেলা হয়।


 

স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার পর সাতমাথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় একটি প্লাস্টিকের পাইপের মাথায় জাতীয় পতাকা উড়তে দেখা যায়। কার্যালয়টি ছাত্র ইউনিয়নের বগুড়া জেলা কমিটির কার্যালয় সংলগ্ন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল।


ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বগুড়া জেলা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এর দায় স্বীকার করা হয়।


 

পোস্টে বলা হয়, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। 


সরেজমিন দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কার্যালয় ও ছাত্র ইউনিয়ন কার্যালয়ের মাঝামাঝি স্থানে পতাকাটি লাগানো হয়েছে। তবে আশপাশের ব্যবসায়ীরা এ বিষয়ে সরাসরি কিছু বলতে পারেননি।


ভবনটির পাশেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা শাখার কার্যালয়। দলটির জেলা সভাপতি আমিনুল ফরিদ বলেন, সকালে আমাদের দলীয় কর্মসূচি ছিল। বিকেল ৪টা পর্যন্ত আমরা অফিসেই ছিলাম। তখন পর্যন্ত কিছু দেখিনি। সন্ধ্যা ৭টার দিকে এসে দেখি পতাকা লাগানো।


ধারণা করছি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন সবার অগোচরে কাউকে দিয়ে এটি লাগিয়ে সটকে পড়েছে।

জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতাউর রহমান বলেন, পতাকা লাগানোর বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।