বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় পাঁচবারের এমপিও

অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন সারাদেশ
অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় পাঁচবারের এমপিও

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জন প্রার্থীর মধ্যে ১৪ জনই জামানত হারিয়েছেন। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্যও।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচলিত বিধান অনুযায়ী কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে মোট বৈধ ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই বিধান অনুসারেই জেলার ১৪ জন প্রার্থী নির্ধারিত ন্যূনতম ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত ফেরতযোগ্য হয়নি।


ঠাকুরগাঁও-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। এর মধ্যে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম।


ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈলের একাংশ) আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজন জামানত হারিয়েছেন। তারা হলেন- গণঅধিকার পরিষদ-এর ফারুক হাসান, জাতীয় পার্টি-এর নুরুন নাহার বেগম, এবি পার্টি-এর নাহিদ রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রেজাউল ইসলাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-এর সাহাবউদ্দিন আহমেদ।


ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ, রাণীশংকৈল) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে আটজন জামানত হারিয়েছেন। জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন পাঁচবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ।


এছাড়া জামানত হারিয়েছেন গণঅধিকার পরিষদ-এর মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আল আমিন, সুপ্রিম পার্টি-এর আবুল কালাম আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-এর প্রভাত সমীর শাহাজাহান আলম, বাংলাদেশ মাইনোরিটি পার্টি-এর কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগ-এর এস এম খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনি।


জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ জানান, নির্বাচনে বৈধ ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।


তিনি বলেন, জেলায় ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা প্রার্থীদের বাইরে বাকি সবাই ন্যূনতম ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।