বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ৩ জেলে অপহরণ

অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ অপরাহ্ন সারাদেশ
অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ৩ জেলে অপহরণ

পাথরঘাটা, (বরগুনা): বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করার সময় মো. মাসুম মিয়ার মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত নামবিহীন ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 


এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুন্দরবন এলাকায় বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় ওই জেলেদের ধরে নিয়ে যায় জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত জেলেদের নাম জানা যায়নি।


তবে তাদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে বাজার-সওদা করে পাথরঘাটা উপজেলার মাসুম মিয়ার নামবিহীন একটি ইঞ্জিনচালিত ছোট ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবনে মাছ শিকার করতে যান। গত শনিবার দিবাগত রাতে সেখানে মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় দফায় দফায় মারধর করা হচ্ছে বলেও তিনি জানান।


তিনি আরও বলেন, কয়েকদিন আগেও ওই জলদস্যুরা পাথরঘাটার ফোরকান মাঝি ও সিদ্দিকসহ আটজন জেলেকে ধরে নিয়ে যায় এবং তারা মুক্তিপণের বিনিময়ে ফিরে আসেন।


কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তার মুঠোফোনে কল করা হলে নাম প্রকাশ না করে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের লিখিতভাবে জানাতে হবে। লিখিতভাবে না জানালে আমরা জানব কীভাবে এবং ব্যবস্থা নিতে পারব না।