ধর্ষণে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলি, আহত ৭
কুষ্টিয়া: ধর্ষণে ব্যর্থ সন্ত্রাসীর গুলিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদিপুর-দফাদারপাড়ায় অন্তত সাতজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কয়েকজন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত মিজানুর ও আশরাফুল ইসলাম জানান, শিহাব নামে স্থানীয় এক সন্ত্রাসী কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এতে ক্ষুব্ধ হয়ে লম্পট শিহাব সোমবার বেলা ২টার দিকে দফাদারপাড়ায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন। তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে আসলে শিহাবের নেতৃত্বে মানিক, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালায়।
এ সময় শিহাবের ছোড়া গুলিতে আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধসহ জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমনসহ সাতজন আহত হন। সেসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, তিনজন গুলিবিন্ধ হয়েছেন বলে খবর পেয়েছি।
ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।