বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

উত্তর জনপদ ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন জাতীয়
উত্তর জনপদ ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২৪ মার্চ)। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক বসবে। সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়, যা বর্তমান সংসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে—তা যাচাই-বাছাই করে পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ওই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যেই এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।