যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার ইরানের
দুইপক্ষের মধ্যে সাম্প্রতিক ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের বিপরীতে গিয়ে ইরান সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে।
আধাসরকারি মেহর নিউজ এজেন্সি একটি ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হচ্ছে না।
সূত্রটি জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য ছিল জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টার অংশ।
ইরানি সূত্রটি স্বীকার করেছে আঞ্চলিক দেশগুলো উত্তেজনা হ্রাসের লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
ট্রাম্প সোমবার বলেছেন, গত দুইদিনে তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনার হয়েছে। তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের হামলা পাঁচদিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেছেন, আমি জানাতে পেরে আনন্দিত যে, গত দুইদিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে।
ট্রাম্প আরও বলেন, এ গভীর বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার সুর ও মর্মের ওপর ভিত্তি করে, যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে, তিনি প্রতিরক্ষা বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর সমস্ত সামরিক হামলা পাঁচদিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, এ বিরতি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে, হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি