বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

যুদ্ধাবস্থাতেও দেশে তেলের দাম বাড়েনি : অর্থমন্ত্রী

উত্তর জনপদ ডেস্ক : ২৩ মার্চ ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন জাতীয়
উত্তর জনপদ ডেস্ক : ২৩ মার্চ ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
যুদ্ধাবস্থাতেও দেশে তেলের দাম বাড়েনি : অর্থমন্ত্রী

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশ একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বৈশ্বিক এই কঠিন পরিস্থিতির মধ্যেও সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’


রবিবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সরকার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না।


বর্তমানে জ্বালানি তেলের নতুন উৎস খোঁজা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবেলায় তিনি দেশবাসীর সহযোগিতা ও সংযম কামনা করেন।’

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে বলে জানান আমির খসরু। তিনি উল্লেখ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে ঈদযাত্রায় কোথাও জ্বালানি সংকটের কারণে পরিবহন বন্ধ হয়নি এবং সাধারণ মানুষের ওপর বাড়তি ভাড়ার বোঝাও চাপানো হয়নি।


​এবারের ঈদ অত্যন্ত উৎসবমুখর ও নির্ভয় পরিবেশে উদযাপিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ মালিকানা ফিরে পাওয়ায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এ ছাড়া রমজান ও ঈদে পোশাক খাতের শ্রমিকদের আগাম বেতন-ভাতা পরিশোধের ফলে কোনো শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি বড় লক্ষণ।’


​সরকারের জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘নিম্নবিত্ত ও কৃষকদের সহায়তায় কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা প্রদান করা হবে। ঋণ মওকুফ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণের বোঝা লাঘব করা হবে।


ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চলমান ভাতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।’ এ সময় চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে সংযম, পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।