বুধবার, মে ১৩, ২০২৬

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে ১ যুবক নিহত, গ্রেফতারে পুলিশের অভিযান

মোহনপুর ( রাজশাহী) প্রতিনিধিঃ ২২ মার্চ ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন আইন ও আদালত
মোহনপুর ( রাজশাহী) প্রতিনিধিঃ ২২ মার্চ ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে ১ যুবক নিহত, গ্রেফতারে পুলিশের অভিযান

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে মোঃ সাব্বির (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী দিঘির মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দুষ্কৃতিকারী সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের অভিযোগ, এ ঘটনায় ওই গ্রামের এক প্রভাবশালী সাবেক চেয়ারম্যানের ছেলেসহ আরও কয়েকজন জড়িত রয়েছে।


গুরুতর আহত অবস্থায় স্বজনরা সাব্বিরকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের পিতার নাম আলমগীর। তাদের বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়। নিহতের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।


এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খান জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।