সোমবার, জুন ০১, ২০২৬

শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন খেলাধুলা
অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ ‘বি’র গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ নাটকীয় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের বিপক্ষে সহজ সমীকরণও একসময় কঠিন হয়ে দাঁড়ালেও শেষ ওভারে ফারজানা ইয়াসমিনের ঝোড়ো ব্যাটিংয়ে ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।


প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৩ রানে থামে থাইল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে পারেনি তারা।


দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই, ২৪ রান আসে নাটথাকান ছানথামের ব্যাট থেকে। বাকিরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নেন। এছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট শিকার করেন।


১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে অধিনায়ক ফাহিমা খাতুন ও লতা মণ্ডলের জুটি ইনিংসে স্থিতি আনে। লতা খেলেন দলের সর্বোচ্চ ৩০ রানের ইনিংস, শারমিন সুলতানা যোগ করেন ২৬ রান।


ফাহিমা করেন ১২ রান। শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৩২ রান, হাতে ছিল পাঁচ উইকেট। কিন্তু মন্থর উইকেটে রান তোলা সহজ ছিল না।

শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১২ রানে। তখনই ফারজানা ইয়াসমিন ওভারের দ্বিতীয় বলে চার এবং পরের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।


শেষ পর্যন্ত ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ফারজানা।

এই জয়ের ফলে গ্রুপ ‘বি’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট তাদের ঝুলিতে। অন্যদিকে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পয়েন্ট সমান ২ করে। তাদের ম্যাচেই নির্ধারিত হবে সেমিফাইনালের দ্বিতীয় দল।